পাকা চুলেই থাকতে চান আমির খান, নতুন সিনেমার গুঞ্জন উড়িয়ে দিলেন
বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত অভিনেতা আমির খান। অভিনয় ক্যারিয়ারের সাফল্য থেকে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা—সবকিছু মিলিয়েই তিনি থাকেন আলোচনার কেন্দ্রে। তবে বিতর্ক এড়িয়ে ইতিবাচকভাবে জীবন কাটাতেই বেশি স্বস্তি বোধ করেন এই তারকা।
সম্প্রতি এক অনুষ্ঠানে আমিরের নতুন লুক ঘিরে শুরু হয়েছে চর্চা। পাকা ধূসর চুলের সাদামাটা সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দেন তিনি। যদিও এই নতুন অবতারে বেশ হাসিখুশি ও প্রাণবন্ত দেখা গেছে অভিনেতাকে।
বয়স বাড়ার সঙ্গে চুল পেকে যাওয়া স্বাভাবিক বিষয় হলেও আমিরের এই লুক দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে—তিনি কি নতুন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতি নিচ্ছেন? ভক্তদের একাংশের ধারণা ছিল, পর্দায় নতুন কোনো চরিত্রে অভিনয়ের জন্যই হয়তো নিজের চেহারায় এই বদল এনেছেন তিনি।
কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়েছেন আমির নিজেই। তিনি জানিয়েছেন, নতুন কোনো চলচ্চিত্রের চরিত্রের জন্য নয়; চুলে নিয়মিত রং করা ছেড়ে দেওয়াতেই তাঁর চেহারায় এই পরিবর্তন এসেছে।
আমিরের ভাষ্য, চুলে নিয়মিত কলপ বা রং করতে করতে একঘেয়েমি চলে এসেছিল। তাই আপাতত চুলের স্বাভাবিক রং ও ধূসর ভাব নিয়েই থাকতে চান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই। রসিকতার ছলে তিনি বলেন, আমিরকে যখনই ভিন্ন কোনো অবতারে দেখা যায়, তখনই ধরে নিতে হয় নতুন কোনো চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা বা প্রস্তুতি শুরু করেছেন তিনি।
তবে এবার আমিরের ধূসর চুলের আড়ালে নতুন সিনেমার কোনো রহস্য নেই। নিয়মিত চুলে রং করার অভ্যাস থেকে বেরিয়ে এসে নিজের স্বাভাবিক চেহারাতেই থাকতে চান বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।