ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, বছরে প্রাণহানি ২৯৯
দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৯৯ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২ জন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই হালনাগাদ তথ্য দেওয়া হয়।
অধিদপ্তরের তথ্য বলছে, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। চলতি বছরে ডেঙ্গুতে মৃত ২৯৯ জনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মৃতদের ৫১ দশমিক ৯ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ১ শতাংশ পুরুষ।
মাসওয়ারি হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন এবং জুনে ১৩ জন মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যু হয়নি। জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জনের মৃত্যুর পর সেপ্টেম্বরে প্রাণহানি বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। চলতি অক্টোবরের প্রথম ১০ দিনেই মারা গেছেন ৫৪ জন।
মৃত্যু ও হাসপাতালে ভর্তির এই ঊর্ধ্বগতি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।